ইরান সীমান্তের কাছে গিয়ে ফিরে এল ইসরায়েলের কয়েক ডজন যুদ্ধবিমান

সিরিয়া ও ইরাকের আকাশসীমা পেরিয়ে ইরান সীমান্তের কাছে পৌঁছেছিল ইসরায়েলের কয়েক ডজন যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান। তবে ইরানের ভূখণ্ডে প্রবেশ না করেই ফিরে আসে বিমানগুলো।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস গতকাল বুধবার একাধিক মার্কিন ও ইসরায়েলি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার ইসরায়েলি বিমানগুলো ইরানের সীমান্তের কাছে গেলেও দেশটির আকাশসীমায় প্রবেশ করেনি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেই অবহিত করেছিল ইসরায়েল। দেশটির দাবি, ইসরায়েলের নির্বাচন সামনে রেখে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বিমানগুলো সীমান্তের কাছে পাঠানো হয়েছিল। এ ঘটনাকে সামরিক প্রশিক্ষণ হিসেবেও বর্ণনা করেছে ইসরায়েল।

তবে ইসরায়েলের এ ব্যাখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। তাঁদের ধারণা, ইরান সীমান্তের কাছে গিয়ে ইসরায়েলি বিমানগুলো ইরানি বাহিনীর হামলার শিকার হবে বলে আশা করেছিল ইসরায়েল। এরপর সেই হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানে নতুন করে আক্রমণ চালানোর পরিকল্পনা থাকতে পারে। তবে ইরান কোনো গুলি বা ক্ষেপণাস্ত্র ছোড়েনি।

এর আগে গতকাল ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে ইরানে নতুন করে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তাতে সম্মতি দেননি ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো সংঘাতে জড়াতে চান না তিনি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.