মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটিতে (বানৌজা) পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরের দিকে নৌপথে তিনি বানৌজা মোংলার জেটিতে পৌঁছান।

এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

সুন্দরবন পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। সেখান থেকে নৌপথে বাগেরহাটের মোংলায় অবস্থিত বানৌজাতে আসেন তিনি।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসক উপস্থিত থাকবেন। এরপর বেলা ২টা ৪৫ মিনিটে মোংলা বন্দরের জেটি পরিদর্শনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকাল ৩টায় জেটিতে পৌঁছে সেটি পরিদর্শন করবেন। পরে বিকেল সোয়া ৩টায় প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকাল সাড়ে ৩টায় ওই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

সফর শেষে বিকাল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকাল ৫টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.