ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা, ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সরকারি বন্ডের সুদ

ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা, সহিংস বিক্ষোভ এবং বাজেট নিয়ে অনিশ্চয়তার মধ্যে দেশটির ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার ৫ শতাংশ ছাড়িয়েছে। ২০০২ সালের পর বুধবার (২১ অক্টোবর) প্রথমবারের মতো এই সীমা অতিক্রম করে বন্ডটির ইল্ড।

বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ার পেছনে রয়েছে দেশটির ক্রমবর্ধমান সরকারি ঋণ, বাজেট ঘাটতি এবং বিভক্ত পার্লামেন্টে বাজেট পাস করানোর জটিলতা। একই সময়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও সহিংসতার ঘটনাও পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্যারিসের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার কিছু আগে ফ্রান্সের বেঞ্চমার্ক ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের ইল্ড ৫ শতাংশ ছাড়িয়ে যায়। পরে তা সামান্য কমে ৪ দশমিক ৯৭৯৪ শতাংশে দাঁড়ায়, যা আগের অবস্থানের তুলনায় ৬ বেসিস পয়েন্ট বেশি।

ঋণ ও বাজেট নিয়ে চাপ

ফ্রান্সের সরকারি ঋণ বাড়তে থাকায় ব্যয় নিয়ন্ত্রণ এবং রাজস্ব পরিস্থিতির উন্নয়নে সরকারের ওপর চাপ বাড়ছে। তবে বিভক্ত পার্লামেন্টে বাজেট অনুমোদন করানো কঠিন হয়ে পড়েছে। এতে সরকারের আর্থিক পরিকল্পনা নিয়ে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সরকারি বন্ডের ইল্ড বৃদ্ধি সাধারণত সরকারের ঋণ নেওয়ার ব্যয় বাড়ার ইঙ্গিত দেয়। ফলে দীর্ঘমেয়াদে ঋণের সুদ পরিশোধে সরকারের ব্যয় বাড়তে পারে, যা বাজেটের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে।

বিক্ষোভে আরও জটিল পরিস্থিতি

এর মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। সপ্তাহান্তে সংঘটিত কিছু বিক্ষোভ সহিংসতা ও ভাঙচুরে রূপ নেয়। শিক্ষার্থী, কৃষক, জলবায়ু আন্দোলনকর্মী এবং ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর অসন্তোষ পরিস্থিতিকে আরও জটিল করেছে।

রাজনৈতিক অস্থিরতা ও আর্থিক চাপ একসঙ্গে চলতে থাকলে ফ্রান্সের ঋণ ব্যবস্থাপনা এবং বাজেট বাস্তবায়নের ওপর প্রভাব পড়তে পারে। তবে বন্ডের ইল্ডের এই বৃদ্ধি কতটা স্থায়ী হবে, তা নির্ভর করবে সরকারের বাজেটসংক্রান্ত অগ্রগতি, আর্থিক নীতি এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.