বিজয়া দশমী আজ: দুর্গাপূজার শেষ দিন

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমী আজ। পাঁচ দিনের পূজা-অর্চনা শেষে প্রতিমা বিসর্জন, পুষ্পাঞ্জলি ও সিঁদুর খেলাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। উৎসবের আনন্দের পাশাপাশি মণ্ডপে মণ্ডপে এখন বিরাজ করছে বিদায়ের আবহ।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমী অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। পৌরাণিক কাহিনি অনুসারে, এ তিথিতেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন। তাই দিনটি ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠার বার্তা বহন করে।

বিজয়া দশমী উপলক্ষে আজ সকাল থেকেই দেশের বিভিন্ন পূজামণ্ডপে চলছে দেবীর পূজা, পুষ্পাঞ্জলি ও অন্যান্য ধর্মীয় আচার। আনুষ্ঠানিকতা শেষে শাস্ত্রীয় নিয়মে দর্পণ বিসর্জন সম্পন্ন হবে। এরপর অনেক মণ্ডপে বিবাহিত নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় অংশ নেবেন।

পূজার আনুষ্ঠানিকতা শেষে ঢাক-ঢোল ও শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হবে নির্ধারিত বিসর্জন ঘাটে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সমবেত হবেন ভক্ত ও দর্শনার্থীরা। দুর্গোৎসবে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বহুত্ববাদী সংস্কৃতির প্রতিফলন ঘটায়।

বিজয়া দশমী শুধু দেবী দুর্গার বিদায়ের দিন নয়; এটি অশুভের বিনাশ, শুভবোধের জাগরণ এবং মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার প্রত্যয়েরও প্রতীক। এদিন ভক্তদের প্রার্থনা—পৃথিবী থেকে দূর হোক অশান্তি ও কলুষতা, প্রতিষ্ঠিত হোক শান্তি ও কল্যাণ।

বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। হিন্দু সম্প্রদায়ের দাবির পরিপ্রেক্ষিতে এ বছর নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি তিন দিন করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।

এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। জাতীয় দৈনিকগুলোতেও প্রকাশিত হবে বিশেষ নিবন্ধ।

গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। আজ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচ দিনের এই উৎসবের আনুষ্ঠানিকতা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.