বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৪ জনে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সাংবাদিকদের বলেন, আহতদের আশেপাশে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা এই ঘটনা তদন্ত করব। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

জানা গেছে, ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে মহাসড়কের বনপাড়া গোল চত্বর এলাকায় রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এর আগে বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন জানিয়েছিলেন, অতিরিক্ত গতির কারণে দুই চালকই নিয়ন্ত্রণ হারালে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ১০ জন নিহত হন। আহত হন ২০ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.