মুন্সীগঞ্জে ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে বাবা এবাদত মীরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ তাহসিন ইফতেখার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা কাজের সুবাদে আশুলিয়ায় থাকতেন। এ সুযোগে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতেন তার বাবা।
২০১৫ সালের ১৯ জানুয়ারি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে নিজ বাড়িতে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় একই দিন প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেন। মামলার বিচার চলাকালে আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি এবং সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ প্রায় ১১ বছর বিচারপ্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.