মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় নিহত ১২, আহত ২৭

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরে যাওয়ার পথে পুণ্যার্থীদের ওপর ধানবোঝাই ট্রাক উঠে গেলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার গভীর রাতে বিপুলসংখ্যক পুণ্যার্থী মন্দিরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি তাঁদের চাপা দেয়। পরে ট্রাকটি মন্দিরের ফটক ও বাইরের দেয়ালে ধাক্কা দেয়।

গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে চিননোর দিক থেকে আসা ট্রাকটি খাড়া ঢাল বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারায়। ওই সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। ট্রাকটি ব্যারিকেড ভেঙে পুণ্যার্থীদের চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জন মারা গেছেন। আহতদের পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙেছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় দায়িত্ব পালনকালে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজে অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় যানবাহন পাঠানো হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.