কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁদের দ্রুত ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত। তাঁরা অক্ষত আছেন এবং তাঁদের কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
তিনি বলেন, ‘ইতোমধ্যে বিএসএফের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। আমরা খুব শিগগিরই দুই পুলিশ সদস্যকে ফেরত পাব। সে প্রস্তুতি চলছে। তাঁরা অক্ষত আছেন, তাঁদের কোনো ধরনের সমস্যা হয়নি।’
ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা বলেন, দায়িত্ব পালন করতে গেলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও অস্বাভাবিক নয়।
ঘটনাস্থলের ভৌগোলিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার আওতাধীন শশীদল সীমান্ত এলাকায় পাহাড় ও জঙ্গলের সমাহার রয়েছে।
দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, দুই দেশের মধ্যে দ্রুত তাঁদের বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.