ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় সপ্তাহে কমপক্ষে দুই দিন আধা ঘণ্টা সময় ব্যয় করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা করুন ও এডিস মশার জন্মস্থান ধ্বংস করুন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটু আলাপ করতে চাই, একই সঙ্গে আপনাদের সহযোগিতা দরকার এই সমস্যাটির কিছুটা হলেও সমাধান করার জন্য। আমরা একসঙ্গে হয়েই ১৯৭১ সালে দেশকে স্বাধীন করেছিলাম। আমরা সবাই একসঙ্গে ১৯৯০ এর সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকেও সফল করেছিলাম। আবার সর্বস্তরের একত্রিত হয়ে ২০২৪ সালের অভ্যুত্থানকেও সফল করেছিলাম। অথবা আমরা যদি এতগুলো কাজ পারি, তাহলে কেন দেশের অন্য যেসব সমস্যা আছে, সবাই মিলে যদি একটু করে কন্ট্রিবিউট করি, একটু একটু করে যদি অংশগ্রহণ করি, কেন পারবো না?
তিনি বলেন, আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলাপ করতে চাই, সেটি হচ্ছে ডেঙ্গু। পত্রিকার পাতা খুললেই প্রায় দেখি যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষ মারা গিয়েছেন, বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে গিয়েছেন। যার আপনজনটি হারিয়ে গিয়েছে সেই কষ্টটা বোঝে। কিন্তু আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, সবাই মিলে যদি একটু একটু করে এগিয়ে আসি, তাহলে অনেক মানুষকে আমরা সাহায্য করতে পারবো এবং এই আপনজন হারানোর বেদনা থেকে রক্ষা করতে পারবো।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.