দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এ উদ্যোগের আওতায় গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হবে।
গত ১৩ অক্টোবর অর্থ বিভাগের পক্ষে যুগ্মসচিব মোছা. নাজনীন সুলতানা এবং পিকেএসএফের পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।
এ কার্যক্রম বাস্তবায়নে ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’ নামে একটি বিশেষায়িত উদ্যোগ গ্রহণ করেছে পিকেএসএফ। এর মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনে অর্থায়ন সহজ করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির আওতায় পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করা হবে। এর ফলে সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী গ্রাহকেরা সহজ শর্তে অর্থায়নের সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, বিদ্যুৎ উৎপাদনে বিকল্প উৎসের প্রসার এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে। পাশাপাশি টেকসই উন্নয়নে বেসরকারি পর্যায়ের অংশগ্রহণ বাড়াতেও কর্মসূচিটি সহায়ক হবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.