আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের চুক্তি

শিক্ষার্থীদের বেতন পরিশোধের ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। এ চুক্তির আওতায় শিক্ষার্থীরা ব্যাংকটির শাখা ও ইসলামী ওয়ালেটের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন জমা দিতে পারবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর এবং ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের বেতন পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে। একই সঙ্গে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ বেতন জমার তথ্য তাৎক্ষণিকভাবে জানতে পারবে। এতে প্রতিষ্ঠানের হিসাব সমন্বয়ের প্রক্রিয়া আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর হবে।

চুক্তির মাধ্যমে ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিনির্ভর আর্থিক লেনদেনের পরিধি বাড়বে। পাশাপাশি এ উদ্যোগ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সম্প্রসারণ এবং স্বল্পব্যয়ী আমানত সংগ্রহ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল মুমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরও জোরদার হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন সংগ্রহ ও আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.