শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ জন্য সারাদেশে প্রায় ১০ হাজার সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা।
সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়। সম্ভাব্য ঝুঁকি আগেই শনাক্ত করার পাশাপাশি গুজব ও সাম্প্রদায়িক উসকানি মোকাবিলা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজিবির এই কর্মকর্তা জানান, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি মণ্ডপে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। দুর্গম ও দূরবর্তী এলাকায় দ্রুত পৌঁছে দায়িত্ব পালনের সুবিধার্থে প্রয়োজনীয়সংখ্যক অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
রাজধানীতে বিজিবির সদস্য মোতায়েন এবং দায়িত্বের পরিধি নির্ধারণ করা হবে সরকারের নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী। এ ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় কাজ করবে বাহিনীটি।
লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার ঐতিহ্য ধরে রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.