বিজ্ঞানচর্চা ও মেধাবিকাশে তরুণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান প্রদান করা হয়েছে। আগামী ২ থেকে ৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জরুরি আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এ অনুদান প্রদান করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের চেক তুলে দেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড বিশ্বের বিভিন্ন দেশের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং তাদের মেধা ও সম্ভাবনা বিকাশে প্রয়োজনীয় সহায়তা দেওয়া জাতীয় পর্যায়ে বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এ উদ্যোগের অংশীদার হতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ করে দিতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মের জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শামিম সুলতানা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে কমিউনিটি ব্যাংককে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (মানবসম্পদ ব্যবস্থাপনা) খোন্দকার রফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক আহম্মদ মুঈদ।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি তার করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের মাধ্যমে শিক্ষা, বিজ্ঞানচর্চা, মেধা বিকাশ ও জনকল্যাণমূলক উদ্যোগে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ প্রজন্মের সম্ভাবনা বিকশিত করা এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে ব্যাংকটি দায়িত্বশীল প্রাতিষ্ঠানিক ভূমিকা পালনে সচেষ্ট রয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.