গবেষণানির্ভর ও প্রযুক্তিবান্ধব সেবার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-এনবিএফআই’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। চতুর্থবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘উচ্ছ্বাস কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম’-এর জন্য এই আন্তর্জাতিক মানের স্বীকৃতি দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবার) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উচ্ছ্বাস কার্ডের সাহায্যে গ্রাহকেরা রেস্তোরাঁ, হোটেল ও রিসোর্ট, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ভ্রমণ, ইলেকট্রনিকস, লাইফস্টাইল এবং ডিজিটাল বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করছেন। ২০২৬ সালের মে মাসে চালু হওয়া এই কার্ডের প্রধান উদ্দেশ্য হলো প্রথাগত আর্থিক সেবার গণ্ডি পেরিয়ে গ্রাহকদের দৈনন্দিন জীবনে বাড়তি সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা।
কার্ডটি সুচারুভাবে পরিচালনার জন্য আইপিডিসি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। এর সাহায্যে দ্রুত কিউআর কোড ব্যবহার করে গ্রাহকের অফার পাওয়ার যোগ্যতা যাচাই, সুবিধা গ্রহণ এবং সহযোগী মার্চেন্টদের সার্বিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। পাশাপাশি গ্রাহকেরা ঠিক কোন ধরনের অফার বেশি পছন্দ করছেন, তা তথ্য বিশ্লেষণের মাধ্যমে চিহ্নিত করে গ্রাহকচাহিদা অনুযায়ী সেবা উন্নত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
নতুন নতুন অফার যুক্ত করা এবং অংশীদার মার্চেন্টের সংখ্যা উত্তরোত্তর বাড়ানোর উপযোগী করেই এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। ২০২৬ সালের মে থেকে আগস্ট মাসের মধ্যে এই উদ্যোগের আওতায় ৪০০-এরও বেশি গ্রাহককে সফলভাবে সেবা প্রদান করা হয়েছে, যা প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রাথমিক সফল অগ্রগতি নির্দেশ করে।
এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আমরা বিশ্বাস করি, আর্থিক সেবা শুধু সাধারণ লেনদেনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; এর মাধ্যমে গ্রাহকদের বাড়তি সুবিধা নিশ্চিত করা সম্ভব। উচ্ছ্বাস কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমটি গ্রাহকদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রযুক্তির আধুনিক ব্যবহারের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। এই সম্মানজনক স্বীকৃতি গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও নতুন ও কার্যকর সেবা চালু করতে আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করবে।”
উচ্ছ্বাস কার্ডের এই অমূল্য স্বীকৃতি আইপিডিসি ফাইন্যান্সের ডিজিটাল সেবার পরিধি বাড়াতে অব্যাহত প্রচেষ্টারই অংশ। আধুনিক প্রযুক্তির সুফল কাজে লাগিয়ে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করা, জীবনধারাভিত্তিক সুবিধাদি সহজলভ্য করা এবং গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই নিরলস কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.