হিসাববিদ জিয়াউর রহমান জিয়া এফসিএ এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নিরীক্ষা কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকটির একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (১২ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জিয়াউর রহমান অর্থায়ন, নিরীক্ষা ও করপোরেট সুশাসন বিষয়ে ২১ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং প্রতিষ্ঠানটির নির্বাচিত কাউন্সিল সদস্য। এ ছাড়া তিনি অ্যাসোসিয়েশন অব সার্টিফায়েড ফ্রড এক্সামিনার্সের সহযোগী সদস্য।
হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী জিয়াউর রহমান পেশাজীবনে দেশের অন্যতম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি প্রতিষ্ঠান এ কাসেম অ্যান্ড কোম্পানির অংশীদার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে কর্মজীবন শুরুর পর তিনি বিভিন্ন খাতে নিরীক্ষা, নিশ্চয়তা প্রদান, পরামর্শ ও নিয়মনীতি পরিপালনসংক্রান্ত কার্যক্রমে অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি ব্যাংকের নিরীক্ষা কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন তিনি। নিরীক্ষা, জালিয়াতি শনাক্তকরণ, আর্থিক তদন্ত ও ঝুঁকি ব্যবস্থাপনায় তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।
প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা হিসেবে জিয়াউর রহমান আরএস টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান। তিনি প্রগতি সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আঞ্চলিক পর্যায়ে তিনি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর হিসাববিষয়ক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এর আগে ২০২০ সালে তিনি আইসিএবির ঢাকা আঞ্চলিক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ঢাকার দৃষ্টি উন্নয়ন সংস্থার সঙ্গে যুক্ত থেকে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.