মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

নিজেদের কর্মী ও তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের বীমা সুরক্ষা দিতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে উল্কাসেমি প্রাইভেট লিমিটেড। এ চুক্তির আওতায় কর্মী ও তাঁদের নির্ভরশীলেরা দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ঝুঁকির বিপরীতে আর্থিক সুরক্ষার পাশাপাশি হাসপাতালে ভর্তি, বহির্বিভাগ ও মাতৃত্বকালীন চিকিৎসা বীমা সুবিধা পাবেন।

সোমবার (১২ অক্টোবর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এ অংশীদারত্বের ফলে উল্কাসেমির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি এবং জীবনের অনিশ্চয়তা থেকে সৃষ্ট আর্থিক ঝুঁকি মোকাবিলায় বীমা সুরক্ষা পাবেন। কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে উল্কাসেমির ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন এ উদ্যোগ।

দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, গ্রাহকভিত্তিক বীমা সমাধান, আধুনিক ডিজিটাল ড্যাশবোর্ড, ক্যাশলেস হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবা এবং আর্থিকভাবে শক্তিশালী অবস্থানের কারণে উল্কাসেমি বীমা প্রদানকারী হিসেবে মেটলাইফকে নির্বাচন করেছে। এসব সুবিধা দ্রুত ও ঝামেলামুক্তভাবে বীমার দাবি নিষ্পত্তিতে সহায়তা করে। ২০২৫ সালে মেটলাইফ ২ হাজার ৮৫৩ কোটি টাকা এবং চলতি বছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে, যা উভয় সময়েই দেশের জীবন বীমা খাতে সর্বোচ্চ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্কাসেমি অন্যতম শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর নকশাকারক প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন প্রযুক্তি ও সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে পরবর্তী প্রজন্মের সেমিকন্ডাক্টর পণ্য তৈরিতে কাজ করে প্রতিষ্ঠানটি।

প্রকৌশলগত দক্ষতা, সর্বোচ্চ গুণগত মান ও পেশাদারত্ব বজায় রেখে বিভিন্ন আন্তর্জাতিক গ্রাহককে সেবা দিচ্ছে উল্কাসেমি। প্রতিষ্ঠানটির কাজের ক্ষেত্রের মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট অবকাঠামো, মোবাইল ডিভাইস, উচ্চক্ষমতাসম্পন্ন সিপিইউ ও জিপিইউ, ইন্টারনেট অব থিংস, তথ্যকেন্দ্র ও সার্ভার, গাড়ির প্রযুক্তি, নেটওয়ার্ক ও যোগাযোগব্যবস্থা, ক্লাউড অবকাঠামো এবং চিকিৎসাসেবা সরঞ্জামসহ নতুন প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্র।

মেটলাইফ বাংলাদেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি প্রতিষ্ঠানের ৩ লাখের বেশি কর্মী ও তাঁদের নির্ভরশীলদের বীমা সুরক্ষা দিচ্ছে। মেটলাইফের সঙ্গে অংশীদারত্বের ফলে উল্কাসেমির কর্মী ও তাঁদের পরিবার আর্থিক সুরক্ষার পাশাপাশি চিকিৎসা বীমা সুবিধা পাবেন। এ উদ্যোগ কর্মীদের কল্যাণ ও টেকসই উন্নয়নে দুই প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারকে আরও এগিয়ে নেবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.