দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় ঢাকা

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার ফলে সৃষ্ট শুষ্ক আবহাওয়ার কারণে ফের বিশ্বের দূষিত বায়ুর শহরের শীর্ষ তালিকায় উঠে এসেছে রাজধানী ঢাকা। বিশ্বের ১২৫ শহরের তালিকায় বায়ুদূষণে  আজ ২ নম্বরে উঠে এসেছে শহরটি।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়। এর মধ্যে সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। সোমবার সকাল ৯টায় আইকিউএয়ার সূচকে বায়ুদূষণে সবার ওপরে আছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ২৭০। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

পাশাপাশি ১৭৯ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের তালিকার ২ নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এ ছাড়া বায়ুদূষণের তালিকায় ১৭০ স্কোর নিয়ে ৩ নম্বরে আছে পাকিস্তানের লাহোর। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

এদিকে সোমবার সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- শহিদ সাহাবুদ্দিন রোডের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা (১৮৮), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৮৬), গুলশান লেক পার্ক (১৮৬), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ এলাকা (১৮৩), বারিধারা পার্ক রোড (১৮২), মিরপুরের সাগুপ্তা (১৭৭), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (১৭৪), মিরপুরের দক্ষিণ পল্লবী (১৭৩), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৬৫) এবং গুলশান-২ এলাকা।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.