মদিনায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র মদিনা নগরীতে বেসামরিক বিদ্যুৎ অবকাঠামোতে ড্রোন হামলার ঘটনায় কঠোর অবস্থান জানিয়েছে বাংলাদেশ। সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঢাকা বলেছে, মসজিদে নববীর সেবায় নিয়োজিত গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে কোনো হামলাই গ্রহণযোগ্য নয়।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাংলাদেশের এ অবস্থান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীর সেবায় নিয়োজিত বেসামরিক স্থাপনায় হামলা পবিত্র স্থানগুলোর মর্যাদার জন্যও হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সৌদি নেতৃত্বাধীন জোটের ভাষ্য অনুযায়ী, তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা দায়ী। হামলায় কেন্দ্রটির একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে পড়ে। তবে এতে সৌদি আরবের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছে জোট।

তবে সৌদি জোটের অভিযোগ অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। মদিনার ওই বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর কথা সরাসরি নাকচ করেছে তারা।

হামলার ঘটনায় সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। পাশাপাশি মসজিদে নববীর মতো পবিত্র স্থানের সেবায় নিয়োজিত বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে চালানো যেকোনো হামলা বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.