খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি। একই সঙ্গে ট্রাম্প আবারও বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।

মঙ্গলবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প ইরানের পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, সংঘাত দ্রুত শেষ হওয়ার পথে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চললেও যুদ্ধবিরতি বা স্থায়ী সমঝোতার বিষয়ে এখনো চূড়ান্ত অগ্রগতি হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দেশটির ভোটারদের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। মঙ্গলবার প্রকাশিত ওই চিঠিতে মার্কিন ভোটারদের ট্রাম্প প্রশাসনের নীতির বিরোধিতা এবং পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রায় ২৫ পৃষ্ঠার চিঠিতে আইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের বর্তমান নীতির পরিবর্তন হলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। চিঠিতে ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতি, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের অবস্থানের সমালোচনা করা হয়েছে।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, মার্কিন জনগণ যদি যুদ্ধের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে আরও জানতে পারে, তাহলে তারা ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। তবে তিনি নিজেও স্বীকার করেছেন, এই চিঠির কারণে বর্তমান মার্কিন প্রশাসনের নীতিতে তাৎক্ষণিক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা নেই।

অন্যদিকে, যুদ্ধ ও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলেও গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জ্বালানি পরিবহন কিছুটা বেড়েছে। বাণিজ্যিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের হিসাবে, গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৩২ লাখ ব্যারেল তেল ও তেলজাত পণ্য পরিবহন হয়েছে। যুদ্ধ শুরুর আগে এই পথে প্রতিদিন প্রায় ১ কোটি ৭১ লাখ ব্যারেল পরিবহন হতো।

ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন যুদ্ধপূর্ব মাত্রার কাছাকাছি না ফিরলেও সাম্প্রতিক সময়ে সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার অগ্রগতি, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং সামরিক সংঘাতের গতিপথের ওপর বৈশ্বিক জ্বালানি বাজারের পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.