পলিয়েস্টার চিপস উৎপাদন বাড়াতে মডার্ন সিনটেক্সকে ৫০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদন বাড়াতে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। টি. কে. গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মডার্ন সিনটেক্স লিমিটেডকে এ অর্থ দিচ্ছে সংস্থাটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এডিবি ও মডার্ন সিনটেক্সের মধ্যে হওয়া চুক্তির আওতায় চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে পলিয়েস্টার চিপস উৎপাদন বাড়ানো হবে। বর্তমানে প্রতিষ্ঠানটির দৈনিক উৎপাদন সক্ষমতা ১০৭ টন। প্রকল্পটি বাস্তবায়িত হলে তা বেড়ে দাঁড়াবে ৪০৭ টনে।

প্রকল্পের অর্থের একটি অংশ পলিয়েস্টার চিপস উৎপাদন সক্ষমতা সম্প্রসারণে এবং আরেকটি অংশ স্থানীয় স্বল্পমেয়াদি ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ পুনঃঅর্থায়নে ব্যবহার করা হবে। উৎপাদিত পলিয়েস্টার চিপস উচ্চমানের টেক্সটাইল ও তৈরি পোশাক তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে।

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ঝিংফেন জিয়াং বলেন, বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল ও তৈরি পোশাক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কৃত্রিম সুতা ও বিভিন্ন কাঁচামালের জন্য এ খাতকে এখনো আমদানির ওপর অনেকাংশে নির্ভর করতে হয়। এডিবির দীর্ঘমেয়াদি অর্থায়ন মডার্ন সিনটেক্সের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো, সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য উৎপাদনে সহায়তা করবে।

তার মতে, প্রকল্পটি মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ আকর্ষণেও ভূমিকা রাখবে।

প্রকল্পে আধুনিক ও বিদ্যুৎ-সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের জন্য নতুন যন্ত্রপাতি স্থাপন করা হবে। এতে বছরে প্রায় ৪ হাজার ৮৪০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় এবং প্রায় ২ হাজার ২২২ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমানোর লক্ষ্য রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের ভবন ও কারখানার জন্য ‘লিড প্লাটিনাম’ সনদ অর্জনের লক্ষ্যে কাজ করছে।

এডিবির অর্থায়নে উৎপাদন সক্ষমতা বাড়লে দেশে পলিয়েস্টার চিপসের সরবরাহ বাড়বে এবং আমদানিনির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় বস্ত্র উৎপাদকদের জন্য কাঁচামালের সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী হবে।

প্রকল্পটির মাধ্যমে প্রায় ১০০ জনের নতুন কর্মসংস্থান তৈরির কথা রয়েছে। এতে নারী কর্মীদের নিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মডার্ন সিনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী বলেন, এডিবির সহযোগিতা তাদের পলিয়েস্টার চিপস উৎপাদন বাড়ানোর পাশাপাশি কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে। বিদ্যুৎ-সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই ও প্রতিযোগিতামূলক টেক্সটাইল শিল্প গড়ে তোলার পাশাপাশি প্রকল্পটি দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.