আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং নগদবিহীন ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান মোবাইল আর্থিক সেবাদাতা টেলিক্যাশ লিমিটেড।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ টেলিক্যাশকে বাণিজ্যিকভাবে সেবা চালুর চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এম. এ. কাশেম। বিশেষ অতিথি ছিলেন টেলিক্যাশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, টেলিক্যাশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. মনিরুল ইসলাম এবং দুই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে চেয়ারম্যান এম. এ. কাশেম বলেন, বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং ডিজিটাল আর্থিক সেবাকে আরও বিস্তৃত করার ক্ষেত্রে টেলিক্যাশের যাত্রা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাউথইস্ট ব্যাংক প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় কৌশলগত সহায়তা ও নির্দেশনা দেবে, যাতে সাধারণ মানুষের কাছে নিরাপদ, সহজ ও উদ্ভাবনী আর্থিক সেবা পৌঁছে দেওয়া যায়।
চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, দেশের ডিজিটাল আর্থিক সেবার প্রসারে টেলিক্যাশের আত্মপ্রকাশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সাউথইস্ট ব্যাংকের অভিজ্ঞতা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে নিরাপদ, নির্ভরযোগ্য ও গ্রাহককেন্দ্রিক মোবাইল আর্থিক সেবা প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য রয়েছে তাদের। এর মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার কথাও জানান তিনি।
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. মনিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি শুধু আরেকটি মোবাইল আর্থিক সেবার ব্র্যান্ড হিসেবে নয়, বরং প্রযুক্তিগত সক্ষমতা, ঝুঁকি সচেতনতা ও সুশাসনের সমন্বয়ে একটি আস্থাশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠতে চায়। নিরাপদ লেনদেনের পাশাপাশি দ্রুত ও সাশ্রয়ী ডিজিটাল লেনদেন নিশ্চিত করাই টেলিক্যাশের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান বলেন, ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা কাজে লাগিয়ে টেলিক্যাশের মাধ্যমে একটি শক্তিশালী ডিজিটাল আর্থিক সেবাব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্যবসায়িক সহযোগী ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে ডিজিটাল ও নগদবিহীন বাংলাদেশ গঠনে টেলিক্যাশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.