পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রস্তাবিত পরিচালনা পর্ষদের বিষয়ে অনাপত্তি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ পর্ষদে বেক্সিমকো গ্রুপের প্রধান কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা থাকছেন না। বেক্সিমকো ফার্মার প্রতিষ্ঠার পর এই প্রথম কোম্পানিটির পরিচালনা পর্ষদে অনুপস্থিত থাকছেন তিনি।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩১ তম কমিশন সভায় অনাপত্তির এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের প্রস্তাবিত তালিকা অনুসারে উদ্যোক্তা-শেয়ারহোল্ডারদের মধ্য থেকে পরিচালক হিসেবে থাকবেন, এ এস এফ রহমান, ওমর কায়সার চৌধুরী (ওকে চৌধুরী) ও ইকবাল আহমেদ। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক পদাধিকার বলে পর্ষদের সদস্য হবে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর কোম্পানিটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি দেশ ছেড়ে পালিয়ে যান। তখন থেকে কোম্পানির পরিচালক ওকে চৌধুরী ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আজকে অনুমোদিত পুনর্গঠিত পরিচালনা পর্ষদ কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে।
এছাড়া আইএফআইআসি ব্যাংক পিএলসির একজন প্রতিনিধি থাকবেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পুনর্গঠিত পরিচালনা পর্ষদে। পাশাপাশি ৪ জন নতুন স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্ত করা হবে এ পরিষদে। আর করপোরেট গভর্ন্যান্স কোড অনুসারে, এদের মধ্যে কমপক্ষ্যে একজন হবেন স্বতন্ত্র নারী পরিচালক।
দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করার উদ্যোগ নেয় বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানিগুলোর পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। চলতি মাসের প্রথমভাগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে পর্ষদ পুনর্গঠন ও প্রস্তাবিত পর্ষদের একটি তালিকা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) কাছে জমা দিয়ে এটি অনুমোদনের আবেদন জানানো হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.