জাসদ কার্যালয় থেকে অর্ধশতাধিক আটক, পুলিশের অভিযোগ আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘গোপন বৈঠক’ করছিলেন বলে অভিযোগ করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়। একই স্থান থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকেও আটক করা হয়েছে। তাকেসহ আটকদের পল্টন থানায় নেওয়া হয়েছে।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু লোকজনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।’

এর আগে জাসদের কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হয়েছেন অভিযোগ করে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন। বিকাল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে একে একে অনেককে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল এবং বহিরাগত অনেকে সেখানে অবস্থান করছিলেন। সেখানে বৈঠক চলছিল বলেও সন্দেহ করা হয়। এ কারণে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চলছে।

তিনি বলেন, ইতোমধ্যে অর্ধশতাধিককে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযান চলমান রয়েছে। তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে আবু জাফর সূর্যের ফেসবুক আইডিতে হাতকড়াসহ একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকেসহ অনেককে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।’

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অনেককেই আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.