সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও ভেরিফিকেশন ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের পর্যায়ক্রমে দ্রুত নিয়োগপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে এসব কথা জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বৈঠকে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন একটি নিয়মিত প্রক্রিয়া। তাই ১ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেলে পরবর্তী সময়ে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।
এ সময় শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হয়ে কাজ করার তাগিদ দেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাত, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.