সময়মতো হামের টিকা না দেওয়ায় খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আগের সরকার সময়মতো হামের টিকা নিশ্চিত না করায় বর্তমান সরকারকে তার খেসারত দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশি সংস্থাগুলোর পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও আগের সরকার প্রয়োজনীয় সময়ে হামের টিকা দেয়নি। দেশে এর আগেও হাম সংক্রমণ হয়েছে। তবে এবারের মতো এত শিশুর মৃত্যু হয়নি বলে দাবি করেন তিনি। চলতি বছর আগের বছরের তুলনায় হাম আক্রান্ত হয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, হাম মোকাবিলায় নতুন করে ইউনিসেফের সহায়তায় টিকা সংগ্রহ করা হয়েছে। বিশেষ কর্মসূচির আওতায় শনিবার থেকে সারাদেশে প্রায় ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে।

সরকারি তথ্য অনুযায়ী, এর আগে বিভিন্ন ধাপে প্রায় ১ কোটি ৯৮ লাখ ৩০ হাজার শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইনটেনসিফাইড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’ কর্মসূচি ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এর আওতায় আগের হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে বাদ পড়া ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের শনাক্ত করে টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিশুদের সুরক্ষায় টিকাদান কার্যক্রমের কোনো বিকল্প নেই। যেসব শিশু আগের কর্মসূচিতে বাদ পড়েছে, তাদের দ্রুত টিকার আওতায় আনাই এখন সরকারের অন্যতম লক্ষ্য।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.