সরকারি হাসপাতালের সীমানা থেকে এক কিলোমিটারের মধ্যে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমোদনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে এই এক কিলোমিটারের মধ্যে আগে থেকে গড়ে ওঠা বেসরকারি ক্লিনিকগুলোতেও সরকারি হাসপাতালের চিকিৎসকদের সব ধরনের প্রাইভেট প্র্যাকটিস পরিচালনা বন্ধের কড়া নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি পরিপত্রে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের এই নির্দেশনায় বলা হয়, সরকারি হাসপাতালের পরিধির এক কিলোমিটার সীমানার ভেতরে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের নিবন্ধন বা অনুমতি দেওয়া যাবে না। তাছাড়া এই সীমানার মধ্যে অবস্থিত বিদ্যমান ক্লিনিকগুলোতে সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা কোনো অবস্থায় প্র্যাকটিস করতে পারবেন না।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘স্বাস্থ্যসেবার মান উন্নয়ন’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সভার কার্যবিবরণীর সুপারিশ ও সিদ্ধান্তের আলোকে বিষয়টি অবিলম্বে কার্যকরের উদ্যোগ নিতে দেশের সব জেলা সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং সরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে ও সরকারি হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.