ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য আরও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ ডাল কেনা হবে। এতে ব্যয় হবে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার টন মসুর ডাল কিনতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে চারটি দরপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে সবগুলো দরপ্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।
পরে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা হিসেবে খুলনার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেডকে নির্বাচনের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠানটির কাছ থেকে টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ প্রতি কেজি ৭৬ টাকা ৮৯ পয়সা দরে ডাল কেনা হবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরে টিসিবির মসুর ডাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ লাখ ২০ হাজার টন। এরই মধ্যে ১৭ হাজার ৫২৮ টন ডাল কেনা হয়েছে। নতুন করে ১০ হাজার টন সংগ্রহ হলে টিসিবির মজুত আরও বাড়বে।
পরবর্তী সময়ে এসব ডাল টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে নির্ধারিত ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে টিসিবি নিয়মিতভাবে কার্ডধারী পরিবারগুলোর মধ্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করে থাকে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.