বাংলাদেশে ইনসুলিন ও ডায়াবেটিসের ওষুধের জন্য পরিচিত ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্ক নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির বিষয়টি বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রে কোম্পানিটির পরিচিতি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক ডাউস্টদার।
বুধবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নোভো নরডিস্কের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক ডাউস্টদার এ তথ্য জানিয়েছেন।
নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে বর্তমান আমেরিকান ডিপোজিটরি রসিদ ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে কোম্পানিটি আগ্রহী কি না—এমন প্রশ্নের জবাবে ডাউস্টদার বলেন, এর কিছু সুবিধা তিনি স্পষ্টভাবেই দেখছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে নোভো নরডিস্কের পরিচিতি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবেই নিউইয়র্কে কোম্পানিটির তালিকাভুক্তির কাঠামো পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে।
বর্তমানে নোভো নরডিস্কের মূল তালিকাভুক্তি ডেনমার্কে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটির শেয়ার আমেরিকান ডিপোজিটরি রসিদের মাধ্যমে লেনদেন হয়।
কোম্পানিটির প্রধান নির্বাহীর বক্তব্য অনুযায়ী, নিউইয়র্কে সরাসরি তালিকাভুক্তির সম্ভাবনা নিয়ে নোভো নরডিস্ক এখনো আগ্রহী অবস্থানে রয়েছে। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
বাংলাদেশে নোভো নরডিস্ক দীর্ঘদিন ধরে ইনসুলিন ও ডায়াবেটিসের ওষুধ সরবরাহের কারণে পরিচিত। সাম্প্রতিক সময়ে ওজন কমানোর ওষুধের বাজারেও প্রতিষ্ঠানটির পরিচিতি বেড়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.