মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানি ইন্তেকাল করেছেন

পবিত্র মসজিদুল হারামে জীবনের শেষ আজান দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইন্তেকাল করেছেন সৌদি আরবের মক্কার এই পবিত্র মসজিদের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানি। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে ফজরের আজান দেওয়ার মধ্য দিয়ে মসজিদুল হারামে তার দীর্ঘ দায়িত্বের শেষ অধ্যায় রচিত হয়।

সোমবার ভোরে তার মৃত্যুর খবর জানায় ‘ইনসাইড দ্য হারামাইন’। একই সঙ্গে তার শেষ আজানের একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মসজিদুল হারামে ফজরের আজান দিতে দেখা যায় শায়খ ইব্রাহিমকে।

তার মৃত্যুর পর সোমবার আসরের নামাজ শেষে মসজিদুল হারামে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মক্কার আল-মুয়াল্লা কবরস্থানে তাকে দাফন করা হবে।

শায়খ ইব্রাহিম আল-মাদানির মুয়াজ্জিন জীবনের শুরু হয় মাত্র ১৫ বছর বয়সে। মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মাধ্যমে এই দায়িত্বে তার যাত্রা শুরু হয়েছিল। কলেজজীবন শেষ হওয়া পর্যন্ত মদিনার তিন প্রতিবেশীর সঙ্গে পালাক্রমে তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন।

পরে মদিনার বাইরে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ায় কিছু সময়ের জন্য আজান দেওয়ার দায়িত্ব থেকে দূরে ছিলেন তিনি। তবে ১৪২৮ হিজরি বা ২০০৭-০৮ সালে মদিনার মসজিদ আল-মাদ্দাহতে আবারও আজান দেওয়ার সুযোগ পান।

সেখানকার দায়িত্ব পালনের পর তার কর্মজীবনে নতুন অধ্যায় শুরু হয় মক্কার মসজিদুল হারামে। ১৪৩৯ হিজরি বা ২০১৭-১৮ সালে আনুষ্ঠানিকভাবে তাকে গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মক্কার আজানের বিশেষ ধরন সঙ্গেও তার পরিচয় তৈরি হয়েছিল শৈশবেই। বাবার সঙ্গে মক্কায় যাতায়াতের সময় তিনি সেখানকার আজানের রীতি কাছ থেকে দেখার সুযোগ পান। এ সময় মসজিদুল হারামের সাবেক মুয়াজ্জিন শায়খ আবদুল লতিফ মুল্লার সঙ্গে তার পরিচয় হয়। আবদুল লতিফ মুল্লা ছিলেন ইব্রাহিম আল-মাদানির নানার বন্ধু।

দীর্ঘদিন মসজিদুল হারামে মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পর শেষবারের মতো ফজরের আজান দিয়েই বিদায় নিলেন শায়খ ইব্রাহিম আল-মাদানি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.