মাদক নির্মূলে শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান শিক্ষামন্ত্রীর

সমাজ থেকে মাদকের সমস্যা নির্মূল করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শিক্ষা ব্যবস্থা: কুমিল্লা কনসেপ্ট’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের মধ্যে বড় সমস্যা তৈরি করছে। এই সমস্যা দূর করতে শিক্ষাকেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদকের সমস্যা দূর করার উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে প্রতিটি এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবক সমাজকে একযোগে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।

শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে ড. মিলন বলেন, শিক্ষকরা হচ্ছেন শিক্ষার্থীদের পরম অভিভাবকতুল্য। প্রতিজন শিক্ষককে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো স্নেহে আগলে রেখে মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.