রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫ শতাধিক

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন অভিযানে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে শনিবার ঢাকার বিভিন্ন এলাকায় দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বলেন, নাশকতার ঘটনাগুলোর পর জননিরাপত্তা নিশ্চিত করতে এসব চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি যানবাহনে তল্লাশি ও নিয়মিত পুলিশি টহলও চলছে। আজ সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন অভিযানে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব ঘটনায় বিভিন্ন অভিযোগে ৪৭টি মামলা করা হয়েছে। এর মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৭৬, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১২০, গুলশানে ৩৭ ও উত্তরা বিভাগে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৬ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, তিনটি চাপাতি, পাঁচটি চাকু এবং বিস্ফোরিত ককটেল থেকে ৫৩টি লোহার পেরেক উদ্ধার করা হয়েছে।

এছাড়া ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, তিন বোতল বিদেশি মদ, ২০ ক্যান বিয়ার, একটি ব্যক্তিগত গাড়ি, পাঁচটি মোবাইল ফোন ও ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার ঢাকার অন্তত সাতটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। কাফরুলে একটি বাসেও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় অন্তত তিনজন আহত হন। বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে নাঈম মেহেদী বলেন, পুলিশ সন্দেহভাজনদের শনাক্ত করেছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.