তিতাসের নতুন কূপে জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ

দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে নতুন একটি কূপ উৎপাদনে যুক্ত হয়েছে। তিতাস-২৮ নম্বর কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিতাস-২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সংশ্লিষ্টরা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে গত বছরের ১৫ ডিসেম্বর কূপটির খননকাজ শুরু হয়। একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত এ কাজে কূপটি প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।

পরীক্ষামূলক উৎপাদন শেষে গত ১৯ জুন থেকে তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক সময়ে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এখন থেকে কূপটি থেকে প্রতিদিন নিয়মিত সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। নতুন কূপটি উৎপাদনে আসায় জাতীয় গ্রিডে দেশীয় গ্যাসের সরবরাহ কিছুটা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

নতুন কূপের গ্যাস যুক্ত হওয়ায় দেশের নিজস্ব উৎস থেকে গ্যাস সরবরাহে আরও সক্ষমতা যোগ হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.