পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা, নিহত বেড়ে ৩১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাটে পুলিশ কম্পাউন্ডের একটি মসজিদে আত্মঘাতী হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। শুক্রবার জুমার নামাজের সময় চালানো এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার এক পুলিশ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় কর্মকর্তারা জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী পুলিশ স্থাপনায় ঢুকে হামলা চালায়। ওই সময় কম্পাউন্ডের মসজিদে পুলিশ সদস্য ও তাদের পরিবারের লোকজন নামাজ আদায় করছিলেন।

বিস্ফোরণের পর গাড়িতে থাকা আরেক হামলাকারী গুলি চালায় বলেও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে খাইবার পাখতুনখোয়া প্রদেশে অতীতেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.