চাকরি নিয়ে তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে অন্য ব্যক্তি বা ব্যক্তির মাধ্যমে তদবির করলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ধরনের তদবিরের বিষয় বিস্তারিতভাবে ডোসিয়ারে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের আচরণ ও দায়িত্ব পালনের বিষয়ে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এ সংশ্লিষ্ট বিধান রয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, সরকারি কর্মচারীদের পক্ষে চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তদবির করতে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বা ব্যক্তিরা বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যাচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) অনুযায়ী অসদাচরণের শামিল।

এতে আরও বলা হয়, কোনো সরকারি কর্মচারী তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের মাধ্যমে চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এ ধরনের যেকোনো তদবিরের বিষয় বিস্তারিতভাবে ডোসিয়ারে সংরক্ষণ করতে হবে।

তবে সরকারি কর্মচারীরা চাকরি সংক্রান্ত বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাঁদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন বলেও চিঠিতে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষকে এ ধরনের আবেদন সর্বোচ্চ এক মাসের মধ্যে যৌক্তিকভাবে নিষ্পত্তি করতে হবে।

এ বিষয়ে নিজ নিজ নিয়ন্ত্রণাধীন দপ্তর বা সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.