ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে পুলিশ কর্মকর্তা রাকিবুলকে

সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা পুলিশ কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে তাঁকে নেওয়া হয়।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে রাকিবুল হাসানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার আগে এ বিষয়ে অনুসন্ধান করা প্রয়োজন।

তবে অনুসন্ধানটি ডিবি নিজস্বভাবে করছে, নাকি ডিএমপির কোনো কমিটির অধীনে পরিচালিত হচ্ছে—সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি ওই কর্মকর্তা। কখন রাকিবুল হাসানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সেটিও তিনি জানাননি। রাত ১২টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত তিনি ডিবি কার্যালয়েই ছিলেন বলে জানান ওই কর্মকর্তা।

রাকিবুল হাসান পুলিশের পরিদর্শক হিসেবে ঢাকার ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্যের একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায় তাঁকে। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে অডিওটির কণ্ঠ রাকিবুল হাসানের বলে নিশ্চিত হওয়া গেছে।

ছড়িয়ে পড়া অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা এবং পুলিশের সক্ষমতা নিয়েও মন্তব্য করতে শোনা যায় রাকিবুল হাসানকে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়েও তিনি কথা বলেন। এ ছাড়া পুলিশের বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগও করেন তিনি।

অডিওটি নিয়ে আলোচনা ও অনুসন্ধানের মধ্যেই বুধবার রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে তাঁকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।

ছড়িয়ে পড়া অডিওতে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.