প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের সরবরাহ বাড়তে শুরু করেছে। আগামী দিনগুলোতে গ্যাসের প্রবাহ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, সরকারের আন্তরিকতা, নীতি ও বিভিন্ন উদ্যোগের কারণে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের প্রতিবেদনে বাংলাদেশকে বিনিয়োগের জন্য স্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে। এর ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ার পাশাপাশি নারী ও তরুণদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জ্বালানি খাতের বিষয়ে তিনি বলেন, গ্যাসসহ জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সরকার স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। সার বিতরণে কোনো ধরনের সংকট দেখা দিলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
মূল্যস্ফীতির হার সন্তোষজনক পর্যায়ে নেমে এসেছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই ই-লোন সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা করে ঋণ দেওয়ার সুবিধা চালু করা হয়েছে।
শিল্পায়নকে এগিয়ে নিতে সরকার একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে জানিয়ে মাহদী আমিন বলেন, নিরাপদ, মানবিক ও কল্যাণমুখী দেশ গঠনের লক্ষ্যেই সরকার কাজ করছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, অপরাধকে কেন্দ্র করেই বিষয়টি দেখা উচিত। কেউ অপরাধ করলে তাঁকে শাস্তি পেতে হবে, আর অপরাধ না করলে তিনি ছাড়পত্র পাবেন। দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সব প্রতিষ্ঠানকে সরকার স্বাধীন ও শক্তিশালী রাখতে চায় বলেও জানান তিনি।
বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, রাজপথের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। তবে কেউ রাজপথে আন্দোলনে গেলে সেটি তাদের বিষয়। গণতান্ত্রিক আন্দোলন যৌক্তিক কিংবা অযৌক্তিক—যে ধরনেরই হোক, সরকার তা স্বাগত জানাবে বলে মন্তব্য করেন তিনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.