বৃষ্টি কমে গরমের দাপট, তাপপ্রবাহ ২৫ জেলায়

মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। ফলে বিভিন্ন এলাকায় গরমের অনুভূতি বাড়ছে। এরই মধ্যে ঢাকাসহ ২৫ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে সারাদেশে বৃষ্টির পরিমাণ কম থাকলেও কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ফেনীতে, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব এলাকা এবং ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এসব এলাকার কিছু জায়গায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

অন্যদিকে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.