দেশের প্রথম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (এইমস) অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্পন্সর পরিচালক জাহিদুস সালাম মিয়া। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হয়েছে।
জাহিদুস সালাম মিয়া এইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত ইয়াওয়ার সায়ীদ-এর স্থলাভিষিক্ত হয়েছেন। ইয়াওয়ার সায়ীদ গত ১৩ জুন ২০২৬ ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশের পুঁজিবাজার ও মিউচ্যুয়াল ফান্ড খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
জাহিদুস সালাম মিয়া যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের রাসায়নিক শিল্পে তাঁর প্রায় ৪০ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) সনদ অর্জন করেছেন। তিনি তাঁর কর্মজীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প সফলভাবে পরিচালনা করেছেন। তিনি রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন।
এইমস অব বাংলাদেশ-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে জাহিদুস সালাম মিয়ার নিয়োগ প্রতিষ্ঠানটির আদর্শ ও নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখবে। একই সঙ্গে এটি তাঁর সুদীর্ঘ আন্তর্জাতিক পেশাগত অভিজ্ঞতা ও যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারে বিনিয়োগের গভীর জ্ঞানকে কাজে লাগানোর সুযোগ তৈরি করবে।
বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এইমস অব বাংলাদেশ দেশের সম্পদ ব্যবস্থাপনা খাতের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্লোজড-এন্ড বা মেয়াদি ও ওপেন-এন্ড বা বেমেয়াদি—দুই ধরনের মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করছে। মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে রয়েছে গ্রামীণ ওয়ান: স্কিম টু ও রিলায়েন্স ওয়ান। দুটি ফান্ডই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত। এ ছাড়া প্রতিষ্ঠানটি ওপেন-এন্ড বা বেমেয়াদি মিউচ্যুয়াল ফান্ড হিসেবে গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ড পরিচালনা করছে। গ্রামীণ ব্যাংক স্পনসরকৃত ও এইমস পরিচালিত এই বেমেয়াদি ফান্ডটির লক্ষ্য দেশের ক্ষুদ্র ও মধ্যম আয়ের সঞ্চয়কারীদের জন্য একটি নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.