সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৯ জনে দাঁড়িয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গে ৯১৯ জন এবং হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৮১৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.