বাংলাদেশসহ কয়েক দেশে ইসরায়েলের ভ্রমণ সতর্কতা

বিশ্বজুড়ে ইসরায়েলিদের ওপর সশস্ত্র গোষ্ঠী ও বিভিন্ন ব্যক্তির হামলার আশঙ্কা অব্যাহত রয়েছে বলে সতর্ক করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। গত রোববার প্রকাশিত এক সতর্কবার্তায় কয়েকটি দেশে ইসরায়েলিদের ভ্রমণ ও অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। ওই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন মূল্যায়নের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, সামনে ইহুদিদের কয়েকটি পবিত্র দিনকে কেন্দ্র করে ইসরায়েলিদের ওপর সশস্ত্র গোষ্ঠী ও ব্যক্তির হামলার ঝুঁকি রয়েছে। ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের কারণে এ ঝুঁকি আরও বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ২০২৬ সালের অক্টোবরে হামাসের হামলার তিন বছর পূর্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের বিক্ষোভ হতে পারে। এসব বিক্ষোভের কিছু ইসরায়েলিদের বিরুদ্ধে সহিংসতায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দাবি, হামাস ইউরোপ ও অন্যান্য দেশে ইসরায়েলিদের ওপর হামলা চালানোর জন্য তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে হুতিরাও আফ্রিকা মহাদেশে ইসরায়েলিদের ওপর হামলার হুমকি দিয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সংস্থাটি জানিয়েছে, ইরানের আশপাশের দেশগুলো ইসরায়েলিদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে। বিশেষ করে আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে ঝুঁকি বেশি বলে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া জর্ডান, কাতার, সোমালিল্যান্ড ও মিসর, বিশেষ করে সিনাই উপত্যকাকে ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব দেশে ভ্রমণ না করার পাশাপাশি সেখানে অবস্থানরত ইসরায়েলিদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসব দেশে কোনো বিমানবন্দরে ট্রানজিট থাকলে বিমানবন্দর থেকে বের না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলিদের জন্য ইরাক, কুর্দিস্তান, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন ও সৌদি আরবে ভ্রমণ আইনিভাবে নিষিদ্ধ। দ্বৈত নাগরিকত্বধারীদের ক্ষেত্রেও এসব নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া ও সোমালিয়াকেও ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এসব দেশে ভ্রমণ না করার জন্য ইসরায়েলি নাগরিকদের সতর্ক করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.