ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট সৃষ্টি ও রিডেম্পশনের জন্য ওয়েবভিত্তিক অর্ডার কালেকশন সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ লক্ষ্যে সোমবার (৭ সেপ্টেম্বর) একটি কর্মশালার আয়োজন করে দেশের প্রধান পুঁজিবাজারের এই প্রতিষ্ঠান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।
ডিএসইর প্ল্যাটফর্মের আওতায় ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয় বা সৃষ্টি এবং বিক্রয় ও রিডেম্পশন বা পুনঃক্রয় কার্যক্রমের জন্য একটি সমন্বিত ও স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম চালুর উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. নাফিজ আল তারিক, সিএফএ, নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হক, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়ের। এ ছাড়া বিএসইসির মিউচুয়াল ফান্ড, কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম ও সিকিউরিটাইজেশন বিভাগের কর্মকর্তারা এবং ডিএসইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক, সিএফএ, ডিএসইর এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “এই প্ল্যাটফর্মটি দেশের মিউচুয়াল ফান্ড শিল্পকে এগিয়ে নিতে এবং বিনিয়োগকারীদের জন্য কার্যকর সুবিধা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হবে।”
তিনি বিনিয়োগকারীদের প্রবেশাধিকার সম্প্রসারণ এবং মিউচুয়াল ফান্ড শিল্পকে শক্তিশালী করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, “বিনিয়োগকারীদের জন্য সমন্বিত সুবিধা নিশ্চিত করা এবং তাঁদের বিনিয়োগ পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার সুযোগ সৃষ্টি করে এক্সচেঞ্জকে আধুনিকায়নের একটি সুস্পষ্ট ভিশন আমাদের রয়েছে। এই প্ল্যাটফর্মের উন্নয়ন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকে আরও সহজ, সুবিধাজনক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
কর্মশালায় প্রস্তাবিত ওয়েবভিত্তিক অর্ডার কালেকশন সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য, কার্যক্রমের কাঠামো এবং কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়ের।
ডিএসইর এ উদ্যোগের ফলে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশে বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ড ইউনিট ক্রয় ও রিডেম্পশনের আরও সহজ, কার্যকর এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এটি পুঁজিবাজারের অবকাঠামো আধুনিকায়ন এবং বিনিয়োগকারীদের জন্য বৈচিত্র্যময় আর্থিক পণ্য ও সেবা প্রবর্তনে ডিএসইর বৃহত্তর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রস্তাবিত প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা ডিএসইর ওয়েবভিত্তিক ব্যবস্থার আওতায় সহজে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয় ও রিডেম্পশন করতে পারবেন। এতে মিউচুয়াল ফান্ড পণ্যে বিনিয়োগকারীদের প্রবেশাধিকার আরও সহজ হওয়ার পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগের বৈচিত্র্যও বাড়বে। প্রস্তাবিত প্ল্যাটফর্মটি ডেস্কটপ ও মোবাইল—উভয় মাধ্যমেই ব্যবহারের উপযোগী হবে।
প্রস্তাবিত ব্যবস্থার আওতায় ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রয় ও রিডেম্পশন বা পুনঃক্রয় সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজার কর্তৃক ঘোষিত বা নির্ধারিত মূল্যে সম্পন্ন হবে। এ কার্যক্রম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পরিচালিত হবে।
এ ছাড়া ডিএসইর প্রতিটি স্টক ব্রোকার সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজারের সেলিং বা ডিলিং এজেন্ট হিসেবে কাজ করবে। তারা প্ল্যাটফর্মের মাধ্যমে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রয়, রিডেম্পশন বা পুনঃক্রয় কার্যক্রমে বিনিয়োগকারীদের সহযোগিতা করবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.