বাণিজ্য অর্থায়নে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)-এর শীর্ষ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক পিএলসি।
সোমবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আইটিএফসির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। এ সময় আইটিএফসির অন্যান্য শীর্ষ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সিটি ব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। ব্যাংকের ব্যবস্থাপনা দলের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
সিটি ব্যাংক ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে শক্তিশালী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রেখে আসছে। বর্তমানে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের ৪ কোটি মার্কিন ডলারের একটি মুরাবাহা অর্থায়ন সুবিধা চালু রয়েছে। এর মধ্যে ১ কোটি মার্কিন ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।
এই অর্থায়ন সুবিধা ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমে সহায়তা করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৈঠকে উভয় পক্ষ সিটি ব্যাংক পিএলসি ও আইটিএফসির মধ্যকার কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়টি পুনর্ব্যক্ত করে। এ সময় রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃওআইসি বাণিজ্য লেনদেন সম্প্রসারণের সুযোগসহ আরও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা হয়।
সিটি ব্যাংকের মতে, উচ্চপর্যায়ের এ বৈঠক শরিয়াহসম্মত বাণিজ্য অর্থায়ন সমাধান আরও সম্প্রসারণ, বাংলাদেশের প্রধান বাণিজ্য খাতগুলোকে সহায়তা, আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ জোরদার এবং দেশের বৃহত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.