কেপ ভার্দেতে বাস দুর্ঘটনায় নিহত ২৫, যাত্রীদের অধিকাংশ স্কুলশিক্ষার্থী

পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দেতে পাহাড়ি সড়ক থেকে একটি বাস প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় বাসটিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী ছিলেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

শনিবার রাতে ফোগো দ্বীপের উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার নিচের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী ছিলেন। তবে ভ্রমণটি কোনো স্থানীয় স্কুলের উদ্যোগে আয়োজন করা হয়নি। বাসচালক প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে এই ভ্রমণের আয়োজন করতেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সাতজনের মরদেহ রোববারই দাফন করা হয়েছে। মরদেহগুলোর অবস্থার কারণে দ্রুত দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে নিহত ২৫ জনের মধ্যে ঠিক কতজন শিশু বা কিশোর-কিশোরী ছিলেন, তা এখনো নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনায় বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া পেরেইরা নেভেস দুর্ঘটনাটিকে ‘বড় বিপর্যয়’ হিসেবে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.