মুনাফায় ধস, জাগুয়ার ল্যান্ড রোভারের ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা

মুনাফায় বড় ধরনের পতন, সাইবার হামলা ও যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ সামলাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে ব্রিটিশ গাড়ি নির্মাতা জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর)। আগামী দুই বছরে কোম্পানিটি প্রায় ৪ হাজার বেতনভুক্ত ও ব্যবস্থাপনা পর্যায়ের কর্মীর পদ কমানোর পরিকল্পনা করছে।

সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য বলছে, ভারতীয় শিল্পগোষ্ঠী টাটা মোটরসের মালিকানাধীন জেএলআর কর্মীদের ও তাদের ইউনিয়নকে স্বেচ্ছা অবসরের কর্মসূচি চালুর কথা জানিয়েছে। তবে ঠিক কতটি পদ কমানো হবে, তা এখনো চূড়ান্ত করেনি কোম্পানিটি। আগামী দুই বছরে প্রায় ১৭০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নিয়েছে জেএলআর।

কোম্পানিটির আর্থিক দুরবস্থার পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি ছিল সাইবার হামলা। ওই হামলার কারণে জেএলআরের উৎপাদন ২৭ শতাংশ কমে যায় এবং কোম্পানির প্রায় ২০ কোটি পাউন্ড ক্ষতি হয়। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক এবং চীনের বাজারে প্রতিযোগিতা বাড়ায় গাড়ি বিক্রিও কমেছে।

এসব চাপের প্রভাবে গত অর্থবছরে জেএলআরের করপূর্ব মুনাফা নেমে এসেছে মাত্র ১ কোটি ৪০ লাখ পাউন্ডে। আগের বছর প্রতিষ্ঠানটি ২৫০ কোটি পাউন্ড মুনাফা করেছিল। একই সময়ে কোম্পানির রাজস্বও ২২ দশমিক ৯ বিলিয়ন পাউন্ডে নেমে আসে।

জেএলআর ভারতের টাটা মোটরসের মালিকানাধীন হওয়ায় ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির আর্থিক সংকট মূল কোম্পানির জন্যও গুরুত্বপূর্ণ। এর আগে জেএলআরের বিক্রি কমার খবরে টাটা মোটরসের শেয়ারে চাপ তৈরি হয়েছিল।

তবে জেএলআর সংকট কাটিয়ে উঠতে নতুন বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটি প্রথম বৈদ্যুতিক রেঞ্জ রোভার বাজারে এনেছে, যার প্রারম্ভিক মূল্য ১ লাখ ৫৪ হাজার ৭০ পাউন্ড। নতুন মডেলটির মাধ্যমে বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ির বাজারে বিক্রি বাড়ানোর লক্ষ্য রয়েছে কোম্পানিটির।

কোম্পানিটির প্রায় ৪৪ হাজার কর্মীর মধ্যে ৩০ হাজারই যুক্তরাজ্যে কর্মরত। ফলে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত দেশটির গাড়ি শিল্প ও সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ওপরও প্রভাব ফেলতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.