ভারতের উত্তরপ্রদেশের ভেঙে ফেলল দেড়শ বছরের পুরোনো মসজিদ

ভারতের উত্তরপ্রদেশের শাহরানপুরে ভেঙে ফেলা হয়েছে দেড়শ বছরের পুরোনো একটি মসজিদ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ব্যাপক পুলিশ সদস্যের উপস্থিতিতে মসজিদটি ভাঙা হয়।

শাহরানপুর কালেক্টরেটের সরকারি জায়গায় মসজিদটি অবস্থিত—এমন দাবি তুলে এটি ভেঙে ফেলার নির্দেশ দেন এক ম্যাজিস্ট্রেট। পরে জেলা আদালত সেই সিদ্ধান্ত বহাল রাখলে মসজিদটি ভেঙে ফেলা হয়।

গত জুলাইয়ে সিটি ম্যাজিস্ট্রেট ঘোষণা দেন, মসজিদটি অনুমোদনহীনভাবে গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে জায়গাটি খালি করে দিতে বলা হয়। এছাড়া সরকারি জায়গায় মসজিদ তৈরি করায় কর্তৃপক্ষকে সাড়ে ৬ কোটি রুপি জরিমানা করা হয়।

উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের নেতা বিকাশ তিয়াগী মসজিদটি ভাঙার জন্য দৌড়ঝাঁপ করেন। এরপরই এটি ভাঙার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে মসজিদ কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। গতকাল শুক্রবার সেই আপিল খারিজ করে সেখানকার জেলা আদালত। এরপরই রাতের অন্ধকার কাটার আগেই শত শত পুলিশ সদস্য এনে মসজিদটি ভেঙে ফেলা হয়।

এ ঘটনায় সেখানকার মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

মসজিদটির মুতাওয়াল্লি তানভীর আহমেদ বলেছেন, এটি ১৫০ বছর আগে তৈরি করা হয়েছিল। কিন্তু এখন অবৈধ স্থাপনা দাবি করে পুরোনো মসজিদটি ভেঙে ফেলা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.