উইটকোফ-ক্রুসনারের কিয়েভ সফর, ৩দিন হামলা বন্ধ রাখার নির্দেশ পুতিনের

ইউক্রেনের রাজধানী কিয়েভে তিনদিন হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জার্ড ক্রুসনার কিয়েভে যাবেন। তাদের সফরকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। এ দুজন বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। সেখান থেকে ইউক্রেনে যাবেন তারা।

শনিবার (৫ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ও কমান্ডার ইন চিফ আগামী তিনদিন কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।”

গত কয়েকদিন ধরেই রাশিয়া-ইউক্রেন হামলা ও পাল্টা হামলা তীব্র করেছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার জন্য তাঁর দুই দূতকে দুই দেশে পাঠিয়েছেন।

এর আগে গতকাল রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে কোনো বিমানহামলা হবে না এবং রাশিয়াকেও তাদের বিমানহামলা বন্ধ করে পরিবেশ তৈরি করতে হবে। যেন আমেরিকানদের সফর ও আলোচনা সঠিকভাবে করা যায়।”

এছাড়া রাশিয়া থেকে স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুসনার কী বার্তা নিয়ে আসেন এবং রাশিয়া কী বলে, সেটিও দেখা হবে বলে জানান তিনি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.