গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।
সমাবেশ শেষে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের বহর রওনা হয়। কর্মসূচির পথে পূর্বনির্ধারিত চারটি স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এই লংমার্চ আয়োজন করা হয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রামের পথে প্রথম পথসভা হবে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ডে। এরপর কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।
এসব পথসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
লংমার্চের শেষ কর্মসূচি হিসেবে শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.