নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৭৫ জন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিভিন্ন জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ানে—৩৫৫টি। এছাড়া পূর্ব নওয়ালপরাসিতে ২১৮টি, পশ্চিম নওয়ালপরাসিতে ১৯০টি, নুয়াকোটে ১৭৭টি, রাসুয়ায় ১২৭টি, গোর্খায় ৬৯টি, ধাদিঙে ৬০টি এবং তানাহুনে ৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া প্রতিবেশী ভারত থেকেও ১৮টি মরদেহ উদ্ধার করে নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ ও দুর্গম এলাকায় নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
এখন পর্যন্ত শনাক্ত হওয়া ৯৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে ডিএনএ নমুনা সংগ্রহের পর ৮৯৭টি অজ্ঞাতপরিচয় মরদেহ নিরাপদে দাফন করা হয়েছে।
নিখোঁজ ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের শনাক্ত করতে নেপাল পুলিশের সরকারি ওয়েবসাইটে ৯৫৯ জনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি তারা মহাসড়কের প্রতিবন্ধকতা অপসারণ, দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া এবং অন্যান্য জরুরি কাজে সহযোগিতা করছেন।
এদিকে বন্যায় বাস্তুচ্যুত ৩ হাজার ১২৬ জন বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। উচ্চঝুঁকিপূর্ণ এলাকা থেকে আরও পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি উদ্ধারকারী দলগুলোর কার্যক্রমও অব্যাহত রয়েছে।
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর নিখোঁজদের উদ্ধারে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। দুর্গম এলাকা ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযানেও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে কর্তৃপক্ষকে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.