রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন তহবিলে এনআরবিসি ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে ৩ হাজার কোটি টাকার ‘এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিম’ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই স্কিমের আওতায় ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন নবী এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আবু আলম মহসীন, এনআরবিসি ব্যাংকের চিফ ক্রেডিট অফিসার তনুশ্রী মিত্র ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মীর মো. আব্বাস আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সম্ভাবনাময় রপ্তানি খাতের উদ্যোক্তাদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। দেশের রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে নতুন রপ্তানি পণ্য উৎপাদন ও বাজার সম্প্রসারণে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে এই ঋণ প্রদান করা হবে।

বৈশ্বিক বাজারে কোনো একটি পণ্য বা খাতের ওপর অতিনির্ভরতা কমাতে রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার ও বাংলাদেশ ব্যাংক। নতুন খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

এই চুক্তির ফলে এনআরবিসি ব্যাংকের মাধ্যমে রপ্তানিমুখী ও সম্ভাবনাময় নতুন খাতের উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়বে। বিশেষ করে যেসব খাতে রপ্তানির সম্ভাবনা রয়েছে, সেসব খাতে বিনিয়োগ উৎসাহিত করতে পুনঃঅর্থায়ন সুবিধাটি কাজে লাগানো হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.