কৌশলগত অংশীদারিত্ব জোরদারে প্রাইম ব্যাংক ও আইটিএফসির উচ্চপর্যায়ের বৈঠক

আন্তর্জাতিক ইসলামী বাণিজ্য অর্থায়ন সংস্থা (আইটিএফসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার আদীব ইউসুফ আল আ’মার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ প্রাইম ব্যাংক পিএলসির কর্পোরেট প্রধান কার্যালয়ে ব্যাংকের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে। আইটিএফসি হলো ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) গ্রুপের একটি সদস্য প্রতিষ্ঠান।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আইএসডিবি-আইটিএফসি মিশনের অংশ হিসেবে প্রতিনিধিদলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে।

প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ও নির্বাহী পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা জোরদারের পাশাপাশি আন্তঃসীমান্ত বাণিজ্য অর্থায়ন সুবিধা সম্প্রসারণ এবং নতুন সহযোগিতার সুযোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনায় উভয় প্রতিষ্ঠান ভবিষ্যৎ সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। বিশেষ করে বাণিজ্য অর্থায়ন সুবিধা, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়ন কর্মসূচি যৌথভাবে এগিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এই বৈঠক প্রাইম ব্যাংক ও আইটিএফসির মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক খাতে অর্থায়নের সুযোগ সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

প্রাইম ব্যাংক পিএলসি এবং আইটিএফসি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.